২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চট্টগ্রামে মানবদেহে অ্যানথ্রাক্স

বন্দর নগরী চট্টগ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 09:46 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরী চট্টগ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। বুধবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগে চিকিৎসা নিতে আসা আতিকুর রহমান (৩০) নামের ওই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ ধরা পরে। আতিকুর রহমান নগরীর বায়েজীদ থানার ভূঁইয়া ডেইরী ফার্মের কর্মচারী। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার আহমুদুর রহমানের পুত্র। হাসপাতালের উপ-পরিচালক ডা. মঈন উদ্দিন আহমেদ তার শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষার পর ওই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করা হয়। বিষয়টি জেলা সিভিল সার্জন ও প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে।" অ্যানথ্রাক্সের চিকিৎসা দিতে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলেও জানান তিনি। চমেকের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান ডা. মনসুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে গ্রাম স্ক্যান টেস্ট (টিস্যু ফ্রম দ্য আলসার ফর গ্রাম স্ক্যান টু সি ভেসিলাই অ্যানথ্রাসিস) করার পর আতিকের শরীরে অ্যানথ্যাক্স ধরা পড়ে।" তিনি জানান, আতিক গত ৬ সেপ্টেম্বর থেকে সে হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি ভালো আছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে গেছেন। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবু তাহের মৃধা বায়েজীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর যেসব এলাকায় গরুর খামার রয়েছে সেসব স্থানে আমরা টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছি।" তিনি জানান, জেলার কোথাও অন্য কোনো কারণেও গরু মারা গেলে তার আশপাশের ২-৩ কিলোমিটার এলাকার গবাদি পশুকে টিকা দেওয়া হচ্ছে। অ্যানথ্রাক্স ছোঁয়াচে নয় জানিয়ে তিনি জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহবান জানান। সিভিল সার্জন ডা. আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্স নিরাময় ও প্রতিরোধে করণীয় সম্পর্কে ইতোমধ্যে সব উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। গত ২৯ জুলাই অ্যানথ্রাক্স বা তড়কা রোগ আক্রান্ত গরুর মাংস খেয়ে এবং মাংসের সংস্পর্শে এসে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে বেশ ক'জনের দেহে রোগটির সংক্রমণ ঘটে। অ্যানথ্রাক্স প্রাণি থেকে প্রাণিতে ছড়ানো রোগ। শুধু আক্রান্ত পশুর মাংস ও রক্তের সংস্পর্শে এলেই তা মানুষের দেহে সংক্রমিত হতে পারে। এজন্য গণসচেতনতা সৃষ্টি এবং বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বেসরকারি সংস্থাগুলো (এনজিও) যৌথভাবে কাজ করছে। এ রোগে আক্রান্ত পশু প্রচণ্ড জ্বরে মাথা নিচু করে থাকে এবং এর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। তাই আক্রান্ত পশুকে চিহ্নিত করে নিধন (কালিং) করে মাটির ছয় ফুট নিচে পুঁতে ফেলতে হবে। এতে এ রোগের জীবাণু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আক্রান্ত এলাকার সব পশুকে প্রতিষেধক দিতে হবে। সংক্রমিত মানুষের শরীরের বিভিন্ন স্থান ফুলে ঘা সৃষ্টি হয়। সেই সঙ্গে ব্যথা ও জ্বর হয়। তবে চিকিৎসায় এর নিরাময় সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ সিএম/এমসি/জেবি/কেএমএস/১৫৪১ ঘ.