২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বৃহস্পতিবার সকালে আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করে রাখে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 09:05 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বৃহস্পতিবার সকালে আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করে রাখে এলাকাবাসী। পুলিশ জানায়, কসবার ইমামবাড়ী রেলস্টেশনে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয়দের অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ওই স্টেশনে আটকা পড়ে। এলাকাবাসীরা জানায়, ইমামবাড়ী স্টেশনে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে। কসবা থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে। তাদের দাবি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়ার পর সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০৪ ঘ.