সাভার, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে র্যাব সদস্যরা ৫ সন্ত্রাসীকে আটক করেছে। তাদের কাছ থেকে মেশিন গানের দুই রাউন্ড গুলি।
সাভার পৌর এলাকার চাপাইন মহল্লা থেকে বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- চাঁপাইন মহল্লার মাজেদ শিকদারের ছেলে নাজমুল শিকদার (২৩), একই এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে শাহনুর রহমান রাজু (২৬), আজিম উদ্দিনের ছেলে শেখ বাসেদ (২৪), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চৌহা গ্রামের আমিন মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা (২৮) ও নীলফামারী জেলার ডোমার থানার চিলাহাটি গ্রামের মোবারক হোসেনের ছেলে মশিউর রহমান (২১)।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার শাহ মিজান-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাপাইন মহল্লার সিআরপি রোডে সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে মেশিন গানের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওই দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৫৭ ঘ.
bdnews24