২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে আন্তর্জাতিক ওজোন দিবস

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে নানা আয়োজনে বৃহস্পতিবার আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 05:18 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে নানা আয়োজনে বৃহস্পতিবার আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও দিবসটিকে সরকারিভাবে উদযাপন করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এবার আন্তর্জাতিক ওজোন দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- 'ওজোনস্তর রক্ষায় সর্বতোভাবে সুশাসন প্রতিষ্ঠা বাঞ্ছনীয়'। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীতে পরিবেশ উন্নয়ন বিষয়ক নানা প্ল্যাকার্ডসহ বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ শোভাযাত্রাটির উদ্বোধন করেন। শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে হয় আলোচনা সভা। সংস্থার মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে সভায় পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পরিবেশ সচিব মিহির কান্তি মজুমদার, পরিচালক (পরিবেশগত ব্যবস্থাপনা) মো. শাহজাহান ও ইউএনডিপি'র প্রতিনিধি বক্তব্য রাখেন। হাছান মাহমুদ বলেন, "ওজোনস্তর রক্ষা করতে হলে এর ক্ষয়কারী দ্রব্য সামগ্রীর বিকল্প ব্যবহার জনপ্রিয় করতে হবে। জনগণকে ওজোনস্তরের গুরুত্ব ও এর ক্ষয়ের ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সচেতন করতে হবে।" এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের নানা কর্মসূচি ও উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে বাংলাদেশ স্বাক্ষর করেছে। প্রটোকলের শর্তাবলী মাঠ পর্যায়ে বাস্তবায়নে ওজোন সেল কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, "সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে আমাদের সার্বিক পরিবেশ সুরক্ষা করতে হবে। জলাবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, জীববৈচিত্র রক্ষা, ওজোনস্তর রক্ষা তথা পরিবেশ ব্যবস্থাপনা ও সংরক্ষণে আমাদের নির্বাচনী অঙ্গীকার সুস্পষ্ট।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১১৫ ঘ.