ফরিদপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পর ফরিদপুর জেলা কারাগারে প্রথমবারের মতো বুধবার রাতে একজনের ফাঁসি কার্যকর করা হবে।
স্ত্রী হত্যার দায়ে মিরাজুল শেখ (২৮) নামের ওই ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ হয়।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক বলেন, সদর উপজেলার পশ্চিম কাফুরা গ্রামের মিরাজুল ২০০২ সালের ২৩ অক্টোবর তার স্ত্রী শেফালী বেগমকে হত্যা করে।
২০০৪ সালে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়।
২০০৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং ২০০৯ সালে আপিল বিভাগ এ রায় বহাল রাখে। এ বছরের ২৭ জুলাই রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন।
জেল সুপার আরো জানান, বুধবার রাত ১২টার পর যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ফরিদপুর কারাগারে এই প্রথমবারের মতো ফাঁসি কার্যকর হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.
bdnews24