ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে ওইদিন ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসের মধ্যে তা দাখিল করা যাবে।
জাতীয় আয়কর দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক শোভাযাত্রা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "এ বছর থেকে ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট দিন ৩০ সেপ্টেম্বর হবে আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। এতে কোনো পরিবর্তন আর কোনো দিন হবে না। সেদিন বন্ধ কিংবা ছুটি থাকলে তার পরের কর্মদিবস এই দিন হিসেবে বিবেচিত হবে।"
২০০৮ সাল থেকে বছরের ১৫ সেপ্টেম্বরকে জাতীয় আয়কর দিবস হিসেবে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে এবার রাজধানীসহ সব বিভাগীয় এবং জেলা শহরে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
রাজধানীতে সকাল ৮টার দিকে এনবিআর থেকে ওই শোভাযাত্রা বের হয়ে শেষ হয় ঢাকা অফিসার্স ক্লাবে। এতে এনবিআর কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের সদস্য এবং বিভিন্ন পেশার করদাতারা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১১৭ ঘ.
bdnews24