চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় মঙ্গলবার রাতে বনভোজনের যাত্রীবাহী একটি বাস উল্টে দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
বাসটি রাজশাহীর মতিহার থানা থেকে কক্সবাজার যাচ্ছিলো।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ওসি আমিনূর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরো জানান, সেতু অতিক্রম করার পরপরই দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/০০৫৫ঘ.
bdnews24