২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মন্ত্রণালয়-সংস্থার বেতনে অসঙ্গতি দূর করার উদ্যোগ

ছয়টি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের বেতনে অসঙ্গতি দূর করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়টি মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের বেতনে অসঙ্গতি দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেডে (উপসচিব পর্যায়ে) টাইম স্কেলের মেয়াদ ১০ বছরের পরিবর্তে আট বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে মঙ্গলবার বেতনের অসঙ্গতি দূর করা বিষয়ক কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। ২০০৯ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ঘোষিত সর্বশেষ জাতীয় বেতন কাঠামো ওই বছরের জুলাই মাসে বাস্তবায়িত হয়। এরপর তাদের গ্রেড ও টাইম স্কেল এবং বেতন নির্দিষ্টকরণের (ফিক্সেশন) ক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখা দেয়। এসব অসঙ্গতি বিবেচনার জন্য তা পরবর্তীতে এই কমিটির কাছে পাঠানো হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বৈঠকে নয়টি সরকারি সংস্থার বেতনে অসঙ্গতির বিষয় তুলে ধরা হয়। ছয়টির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। অন্য তিনটির ক্ষেত্রে আমরা একমত হই নি।" অর্থসচিব ড. মোহাম্মদ তারেক বলেন, যে তিনটি সংস্থার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি, তা আরো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে। সেসব সরকারি সংস্থার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হলো- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আনসার এবং ভিডিপি। অর্থসচিব জানান, ২০০৯ সালে পে-কমিশন গঠনের পর কমিটি এই প্রথম সভায় বসেছে। নতুন বেতন কাঠোমো গঠন না করা পর্যন্ত বেতন সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতির বিষয় আসতে থাকবে। কমিটিও এসব সমস্যা সমাধান করবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার এবং প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মো. শহিদ খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/১৭৩৩ ঘ.