চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিকলবাহায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্রে (পিকিং পাওয়ার প্ল্যান্ট) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
যন্ত্রপাতির কার্যক্ষমতা পর্যবেক্ষণের জন্য সোমবার রাত ১২ টার দিকে এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী ভুবন বিজয় দত্ত।
এ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনো হাইড্রো করপোরেশন।
নির্বাহী প্রকৌশলী ভুবন বিজয় দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নবনির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রটি এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে পিডিবি বুঝে নেয়নি। এ কেন্দ্রের যন্ত্রপাতির কার্যক্ষমতা পর্যবেক্ষণের জন্য গঠিত 'পারফরম্যান্স একসেপটেন্স কমিটি' বৃহস্পতি ও শুক্রবার কাজ করবে।"
চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার পর শনিবার থেকে এটি পুনরায় উৎপাদনে যাবে বলে তিনি জানান।
গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিম পটিয়ার শিকলবাহায় এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন।
কিন্তু গ্যাসনির্ভর এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধনের চার ঘন্টা পরই বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহের স্বল্পতার কারণে ১০ ঘন্টা পর এটি পুনরায় চালু হলেও এর উৎপাদন অর্ধেকে নেমে আসে।
২০০৯ সালের জানুয়ারিতে চট্টগ্রাম মহানগরীর উপকণ্ঠে শিকলবাহায় এ পিকিং পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়। এ বছরের মার্চে তা সম্পন্ন হয়।
৫৭৫ কোটি টাকা ব্যয়ে এ প্ল্যান্টে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এ বছরের ২৯ জুন।
'ডুয়েল-ফুুয়েল' পদ্ধতির (গ্যাস ও জ্বালানি তেলের মাধ্যমে) এ বিদ্যুৎ কেন্দ্রটি প্রাথমিকভাবে গ্যাসের মাধ্যমে উৎপাদনে গেছে। পরে এতে জ্বালানি হিসেবে তেল ব্যবহারের কথা রয়েছে।
পিক আওয়ারে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হবে ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/জেবি/এইচএ/১৬৫০ ঘ.
bdnews24