২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন সাত/আট মাস কম হবে

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগামী সাত/আট মাস পূর্ণমাত্রায় উৎপাদন হবে না। ওভারহলিংয়ের জন্য এর একটি ইউনিট বন্ধ থাকায় উৎপাদন কমবে চার ভাগের এক ভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 02:55 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগামী সাত/আট মাস পূর্ণমাত্রায় উৎপাদন হবে না। ওভারহলিংয়ের জন্য এর একটি ইউনিট বন্ধ থাকায় উৎপাদন কমবে চার ভাগের এক ভাগ। রোববার সকালে ওভারহলিংয়ের জন্য ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর ইউনিট বন্ধ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার জানান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল খালেক। "সরকারের অনুমতিতে ৪ নম্বর ইউনিটটি ওভারহলিংয়ের জন্য রোববার সাড়ে ১২টায় বন্ধ করা হয়। সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু হয়েছে," জানিয়ে তিনি বলেন, "ওভারহলিং শেষ করে এ ইউনিটটি পুনরায় চালু করতে সাত/আট মাস সময় লাগতে পারে।" ৪ নম্বর ইউনিটের ওভারহলিংয়ে ব্যয় হবে ৪শ কোটি টাকা। কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টায় এ কাজের জন্য নিয়োজিত জার্মানি ও জাপানের তিনটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। জার্মানির অলস্টম ও এবিবি টারবাইন জেনারেটরের এবং জাপানের আইএইচআই বয়লার ওভারহলিং করবে। বিদ্যুৎকেন্দ্রের কারিগরী বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালের ডিসেম্বরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে আসে। প্রতি ৫০ হাজার ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পর এ ইউনিটটি ওভারহলিং করার পরামর্শ দেয় এর নির্মাতা প্রতিষ্ঠান জার্মানির এবিবি। প্রয়োজনীয় অর্থ ও দেশে বিরাজমান নাজুক বিদ্যুৎ পরিস্থিতির কারণে তা এতোদিন সম্ভব হয়নি বলে জানান ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল খালেক। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৪ নম্ববর ইউনিটটি বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনের প্রায় চার ভাগের প্রায় এক ভাগ যোগান দিয়ে থাকে। বিদ্যুৎকেন্দ্রটির বর্তমান উৎপাদন ক্ষমতা ছয়শ ২০ মেগাওয়াট। কেন্দ্রটির স্থাপনের সময় উৎপাদন ক্ষমতা ছিল সাতশ ২৪ মেগাওয়াট। রোববার ৪ নম্বর ইউনিট বন্ধ থাকা অবস্থায় কেন্দ্রটিতে উৎপাদন হয় চারশ ৫১ মেগাওয়াট বিদ্যুৎ। সবগুলো ইউনিট চালু থাকা অবস্থায় চলতি মাসের প্রথম সাতদিন কেন্দ্রটির গড় উৎপাদন ছিল পাঁচশ ৭০ মেগাওয়াটের বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/১৮২৮ ঘ.