বরিশাল, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চেতনানাশক ওষুধ খাইয়ে এক পরিবারের আট সদস্যকে অচেতন করে ডাকাতির ঘটনা ঘটেছে বরিশালে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জেলার দর উপজেলার জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
অচেতনদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রোববার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতার সাহায্যে পুলিশ দুলাল ও রুবেল নামে দুই জনকে আটক করেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) নবুয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আটক দুলাল ও রুবেল পুরো ঘটনা স্বীকার করেছে। পলাতক মজিবরকে আটকের চেষ্টা চলছে। অসুস্থদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেস চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এ ঘটনায় নিজামের ছোট ভাই সোহেল থানায় মামলা করেছেন। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।"
জাগুয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বর হায়দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চন্ডিপুর গ্রামের বাসিন্দা রিক্সাচালক মো. নিজামের বোন ঈদের আগে বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক থেকে তার ডিপিএসের ২২ হাজার টাকা ওঠান।
এ খবর পেয়ে পাশের বাড়ির ভাড়াটে রুবেলের সহায়তায় একই গ্রামের দুলাল মৃধা ও মজিবর শুক্রবার সন্ধ্যায় নিজামের ঘরে গিয়ে রাতের রান্না করা খাবারের মধ্যে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় বলে জানান হায়দার।
তিনি বলেন, "রাতে ওই খাবার খেয়ে নিজাম, তার স্ত্রী আছমা, মা রহিমা, ছোট ভাই সোহেল, রফিকসহ আটজন অসুস্থ হয়ে পড়ে। ওই রাতে নিজামের ঘর থেকে নগদ ২২ হাজার টাকা, দুইটি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায় দুলাল মৃধা, মজিবর ও রুবেল।"
গুরুতর অসুস্থ নিজামের মা রহিমুন বেগমকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হায়দার।
ঈদের দিন (শনিবার) সকালে পরিবারের সবাই গভীর ঘুমে অচেতন থাকলেও বিষয়টি প্রতিবেশীরা টের পায়নি। অচেতন এক সদস্যের জ্ঞান ফিরলে তিনি সবাইকে জানান। খবর পেয়ে মেম্বর হায়দার আলী তাদের উদ্ধার করেন।
ঘটনার পর রুবেলের সন্দেহজনক গতিবিধির কারণে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তিনি পুরো ঘটনা স্বীকার করেন এলাকাবাসীর কাছে।
পরে তাকে নিয়ে অচেতন পার্টির সদস্য দুলাল মৃধাকে আটক করে পুলিশ। মজিবর নামে অজ্ঞান পার্টির আরেক সদস্য পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০০ ঘ.
bdnews24