২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ শোভাযাত্রায় ঢাকাকে যানজট মুক্ত করার দাবি

'যানজটমুক্ত ঢাকা', 'বুড়িগঙ্গা বাঁচাও' এবং 'ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ চাই'-এরকম নানা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রোববার বিকালে বর্ণাঢ্য ঈদ আনন্দ-শোভাযাত্রা বের করে 'ঢাকাবাসী' ও 'নগরবাসী' নামের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'যানজটমুক্ত ঢাকা', 'বুড়িগঙ্গা বাঁচাও' এবং 'ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ চাই'-এরকম নানা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রোববার বিকালে বর্ণাঢ্য ঈদ আনন্দ-শোভাযাত্রা বের করে 'ঢাকাবাসী' ও 'নগরবাসী' নামের দুটি সংগঠন। প্রতিবছর ঈদের পরের দিন এই দুই সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে আসছে। বিকাল ৪টায় 'ঢাকাবাসী' শিশু একাডেমি চত্বর থেকে এবং 'নগরবাসী' ৪৬ নম্বর ওয়ার্ডের কায়েৎটুলী থেকে শোভাযাত্রা শুরু করে। ঢাকাবাসীর শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে দিয়ে ঘুরে আবার শিশু একাডেমিতে এসে শেষ হয়। আর নগরবাসীর শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রায় রঙ-বেরঙের পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও অংশ নেন। এতে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে বাংলাদেশের নানা সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা ঢাকা মহানগরবাসীর বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। যেমন, পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রসায়নিক দ্রব্যের গুদাম ও কারখানা এবং ট্যানারী শিল্প অপসারণ, ইভ টিজিং বন্ধে কঠোর আইন প্রণয়ন, অ্যানথ্রাক্স প্রতিরোধে মহানগরীর কসাইখানায় তদারকি ব্যবস্থা চালু, নগরীর ৪৩টি খাল পুনরুদ্ধার ইত্যাদি। ঢাকাবাসীর শোভাযাত্রা শুরুর আগে শিশু একাডেমি প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন- ঈদ আনন্দ শোভাযাত্রা কর্মসূচির আহবায়ক শুকুর সালেক। ঐতিহ্যের নিদর্শন সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহবান জানান। বক্তারা অ্যানথ্রাক্স প্রতিরোধে ওয়ার্ডের বাজারসমূহে তদারিক ব্যবস্থা চালুর দাবি জানান। আইন প্রতিমন্ত্রী তাদের এসব দাবি-দাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নগরবাসী (নবা) সংগঠনের এক সংক্ষিপ্ত সমাবেশে যানজটমুক্ত পুরান ঢাকা ও বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া সরকারি দলের সাংসদ হাজী সেলিমের নেতৃত্বে মিটফোর্ড সড়ক, নয়াবাজার, বংশাল, হোসনী দালানসহ লালবাগ এলাকার বিভিন্ন সড়কে ঈদ আনন্দ-শোভাযাত্রা বের হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩০ ঘ.