বগুড়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদকব্যবসা নিয়ে বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় বগুড়া শহরে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে।
সুলতানগঞ্জ পাড়ায় নিহত যুবকের নাম নান্না মিয়া (৩২)। তিনি শহরের বৃন্দাবন পাড়ার চান্দু কশাই এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুলতানগঞ্জ পাড়ার শাকিলের নেতৃত্বে পাঁচ/ছয়জন যুবক নান্না মিয়াকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। এরপর তার বুকে ও পেটে উপর্যুপরী ছুরিকাঘাতের পর জবাই করে ফেলে রেখে যায়।
স্থানীয় লোকজন নান্না মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদকব্যবসায় বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, "নিহত নান্না মিয়া তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে এর আগে গ্রেপ্তারও করেছিল।"
শাকিলের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানান মঞ্জুরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৪ ঘ.
bdnews24