২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমীরা ঈদ করছেন পরিবারের বাইরে

মৌসুমী, অজানা, ইতি, কুয়াশা ও তাদের বন্ধুরা ঈদ করছেন পরিবারের বাইরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2010, 08:41 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী, অজানা, ইতি, কুয়াশা ও তাদের বন্ধুরা ঈদ করছেন পরিবারের বাইরে। বাবা-মা-ভাই-বোনের সঙ্গে সচরাচর তাদের ঈদ হয় না। কারণ, তারা থাকেন বাড়ির বাইরে। এরা হিজড়া। থাকেন চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকায়। এখানে নয়জন হিজরা থাকেন। তবে চাঁদপুরে ৪২ জন হিজড়া রয়েছেন বলে জানিয়েছেন তাদের নেত্রী মৌসুমী। চাঁদপুরের হিজড়াদের ঈদ উদযাপন নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সঙ্গে কথা বলেন মৌসুমী। তিনি জানান, দেড় মাস আগে ভারত থেকে তিনি ঈদের কেনাকাটা করেছেন। সেখানে হিজড়াদের একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। মৌসুমী ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল সারেন। তারপর পায়জামা-পাঞ্জাবী পড়ে নামাজ পড়তে যান। এরপর প্রতিবেশী, মেহমান ও বন্ধুদের সঙ্গে গল্প করে ও টিভি দেখে কাটান সারাদিন। মৌসুমীদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর গাজীবাড়ি। ১০ ভাই ও তিন বোনের মধ্যে মৌসুমী অষ্টম। ১৩ বছর বয়স থেকে পরিবার ছাড়া। আসল নাম মো. মাসুদ গাজী (৩৩)। সবার বড় ভাই কাশেম গাজী মারা গেছেন। বাকি আট ভাই হলেন- আবু, ওসমান, সাজু, মিলন, সাহাবুদ্দিন, আলাউদ্দিন, সামাদ, হামিদ। তিনবোন হলেন- খুরশিদা, রাশিদা ও হোসনে আরা। সবাই বিবাহিত। নিজেকে ভাইদের একজন হিসাবে ধরেছেন। পরিবার ছাড়ার পর দীর্ঘদিন ঢাকায় ছিলেন মৌসুমী। ৬/৭ বছর ধরে চাঁদপুরে বসবাস করছেন। এখানে আসার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। তার মা পাখি বিবি গত বুধবারও মাদ্রাসা রোড এলাকায় আসেন তাকে দেখতে। হিজড়াদের সভায় যোগ দিতে প্রায়ই ভারত যেতে হয় মৌসুমীকে। সেখানে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আসা হিজড়াদের সভা হয়। মৌসুমী জানান, তার এক পালক ছেলে আছে। ইব্রাহিম নামের এই ছেলেকে তিনি এনেছেন বরিশালের এক মহিলার কাছ থেকে। স্থানীয় রেলওয়ে কিন্ডারগার্টেনে পড়ছে ছেলেটি। কথায় কথায় মৌসুমী জানালেন হিজড়াদের নানা বিড়ম্বনার কথা। সমস্যার কথা। "মানুষের নানা ধরনের কটুক্তি মনকে নানাভাবে নাড়া দেয়," বললেন মৌসুমী। কথা হয় মৌসুমীর সঙ্গে বসবাসকারী আরেক হিজড়া মল্লিকার সঙ্গেও। তার বাড়ি ফরিদপুর জেলায়। দুই বছর ধরে আছেন এখানে। তারা দুই ভাই ও দুই বোন। মল্লিকা বলেন, "আমরা কখনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি না। জীবন বাঁচানোর তাগিদে লোকজনের কাছ থেকে সাহায্য নেই। অনেকে ধনী হয়েও সহযোগিতা করে না। তখন খুব খারাপ লাগে। বাধ্য হয়ে তখন দুর্ব্যবহার করি।" সিলেট থেকে এসেছেন ইতি (১৮)। তারা তিন ভাই ও চার বোন। ইতি পাঁচ বছর ধরে পরিবার ছাড়া। স্থানীয় জনপ্রতিনিধি ফরিদা ও আলী আহম্মদ কিছুদিন পরপর এসে তাদের খোঁজখবর নেন বলে জানান মৌসুমী। চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আহম্মদ ও মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ বলেন, "কেউ হিজড়াদের খোঁজখবর রাখে না। তারাই মাঝেমধ্যে ওদের বাসায় গিয়ে খোঁজ নেন। সহযোগিতার চেষ্টা করেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৪৩০ ঘ.