গাজীপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তিতাস গ্যাস পাইপ লাইন থেকে নির্গত গ্যাসে শুক্রবার সকালে আগুন লাগে।
কালিয়াকৈর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এখনো গ্যাস নির্গত হচ্ছে।
কালিয়াকৈর দমকল কর্মকর্তা গাজী মো. তৌহিদুল ইসলাম জানান, যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। খবর দিলেও দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের লোকজন ঘটনাস্থলে আসেনি।
তৌহিদুল ইসলাম আরো জানান, গ্যাস পাইপ লাইন থেকে ৫-৬ হাত এলাকা জুড়ে মাটির নীচ থেকে গ্যাস বেরুচ্ছে। পথচারির সিগারেটের আগুন থেকে সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্যাসে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠে।
গাজীপুর দমকল অফিস থেকে ওই অগ্নিকান্ডের খবর পেয়ে কালিয়াকৈর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌণে বেলা ১২টার দিকে আগুন নেভায়।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী দূরন্ত টেইলার্সের মালিক আ. রউফ জানান, দীর্ঘদিন ধরেই ওই স্থানে গ্যাস নির্গত হচ্ছে। গাজীপুর তিতাস গ্যাস অফিসে খবর দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৯ ঘ.
bdnews24