২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে লঞ্চ দুর্ঘটনা, যাত্রীরা নিরাপদ

বরিশালের মুলাদী উপজেলার নয়াভাঙ্গুলী নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় সেতুর সঙ্গে ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 04:28 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদী উপজেলার নয়াভাঙ্গুলী নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় সেতুর সঙ্গে ধাক্কায় একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে গেছে। এরপরই লঞ্চটিকে দ্রুত চরে উঠিয়ে দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে কোনো যাত্রী আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। মুলাদী থানার ওসি মো. আমিরুজ্জামান আমীর বলেন, এমভি বোগদাদিয়া-৬ নামের লঞ্চটি এক হাজারেরও বেশি যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকার সদরঘাট থেকে বরিশালের মুলাদী হয়ে মেহেন্দিগঞ্জের ভাসানচরের উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুলাদী বন্দরে ভেড়ার কয়েক মিনিট আগে হিজলা-মুলাদী সংযোগ সেতুর একটি থামের সঙ্গে লঞ্চটি ধাক্কা লাগে। বিকট শব্দে লঞ্চের তলা ফেটে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুট শুরু করে। এ সময় লঞ্চের মাস্টার ও অন্য কর্মচারীরা লঞ্চটিকে ঘাটের পাশে একটি চরে ঠেকিয়ে দেয়। যাত্রীরা দ্রুত নেমে যায়। ঘটনাস্থল থেকে মুলাদী থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দিন জানান, যাত্রীদের গন্তব্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনো যাত্রী হতাহত কিংবা নিখোঁজের খবর পওয়া যায়নি। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার জানান, লঞ্চটি এ রুটের নয়, ঢাকা-চাঁদপুর রুটের। ঈদ উপলক্ষে এই রুটে বিশেষ ট্রিপ দিচ্ছে। তাই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.