আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স (তড়কা) রোগ আতঙ্কের কারণে গরুর মাংসের পরিবর্তে মুরগি কেনার প্রতি ঝুঁকছে ক্রেতারা।
এ সুযোগ নিয়ে বিক্রেতারা ব্রয়লার ও দেশি মুরগির দাম বাড়িয়ে দিয়েছে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা।
বিক্রেতারা বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। পাশাপাশি খামারীরা মুরগির দাম বাড়িয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং নিউমার্কেট ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্সের আতঙ্কে অনেকে গরু অথবা খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস কিনছে। হঠাৎ করেই এ আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুরগির দাম বেড়ে গেছে।"
এ সুযোগ নিয়ে খামারীরা দাম বাড়িয়ে দেওয়ায় বাধ্য হয়ে তারাও দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, "বর্তমানে ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগে বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকা।
একই বাজারে গরু ও খাসির মাংস বিক্রেতা ফরিদ হোসেন জানান, গরুর মাংস প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি করছেন।
তিনি বলেন, "সুস্থ ও সবল কয়েকটি গরু ও খাসি জবাই করে বিক্রি করার জন্য আনা হয়েছে। তবুও ক্রেতারা অ্যানথ্রাক্সের ভয়ে মাংস কিনছে না।"
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতা মো. হেলালউদ্দিন বলেন, "দেশি মুরগির মাংস ২৪০ থেকে ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা কয়েকদিন আগে ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়েছে।"
একই বাজারের ক্রেতা বেসরকারি কলেজ শিক্ষক আলতাফ হোসেন বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ভয়ে গরুর মাংসের পরিবর্তে চার কেজি ব্রয়লার মুরগির মাংস কিনলাম ১৭০ টাকা দরে। সামনে ঈদ এজন্য বিক্রেতা দাম বেশি নিলেও কিনতে বাধ্য হয়েছি।"
এ ব্যাপারে বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের মহাসচিব খোন্দকার মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজান মাসে মুরগির মাংসের দাম অন্য সময়ের চেয়ে তুলনামূলক কম থাকে। তবে ঈদ শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে দাম কিছুটা বাড়ে। যা সহনীয় পর্যায়েই থাকে।
"তবে এবার অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে মুরগির চাহিদা বেশি হওয়ায় সে তুলনায় সরবরাহ ঠিক মতো দিতে পারছে না খামারীরা।"
খোন্দকার মোহাম্মদ মহসিন বলেন, "কিন্তু খামারীরা কোনো মুরগির দাম বাড়ায়নি। পাইকারি ও খুচরা বিক্রেতারা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১২৩৯ ঘ.
bdnews24