ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে জামাতের স্থানে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট তল্লাশি চালাবে বলে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে রাজধানীতে তিন হাজার র্যাব সদস্য দায়িত্ব পালন করবে। এ জন্য ঢাকায় অতিরিক্ত ২০টি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।
ঢাকার বিভিন্ন স্থানে র্যাবের ৪৫টি টহল টিম কাজ করবে। এছাড়া ঢাকায় দুশ ৫০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে।
রাজধানীর বিনোদনকেন্দ্র, শিশুপার্ক ও চিড়িয়াখানায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানায় র্যাব। এছাড়া সবগুলো ব্যাটেলিয়নকে স্ব স্ব এলাকার পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০২৭ ঘ.
bdnews24