২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে চট্টগ্রামবাসী হতাশ: নোমান

বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান দাবি করেছেন, বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী নতুন কোনো প্রকল্পের ঘোষণা না দেওয়ায় চট্টগ্রামবাসী হতাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান দাবি করেছেন, বন্দরনগরীর উন্নয়নে প্রধানমন্ত্রী নতুন কোনো প্রকল্পের ঘোষণা না দেওয়ায় চট্টগ্রামবাসী হতাশ হয়েছে। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, মেরিন ড্রাইভ ও টানেল নির্মাণের কথা বলেছেন। কিন্তু এগুলো বিগত বিএনপি সরকারের আমলে গৃহীত প্রকল্প, নতুন কিছু নয়। তৃতীয় কর্ণফুলী সেতু উদ্বোধনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থাপন করা ভিত্তিপ্রস্তর তুলে ফেলার প্রতিবাদ জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, এই সেতু আওয়ামী লীগের কোনো উপহার নয়, এর নির্মাণকাজ শুরু হয় বিগত বিএনপি সরকারের আমলে। তৃতীয় কর্ণফুলী সেতু দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি হলেও চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা এর নির্মাণকাজের বিরোধীতা করেছিলেন বলে দাবি করেন নোমান। তিনি বলেন, তৃতীয় কর্ণফুলী সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নয়, তিনি শুধু ফিতা কেটে উদ্বোধন করেছেন মাত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তৃতীয় কর্ণফুলী সেতু, শিকলবাহা ১৫০ মেগাওয়াট ক্ষমতার পিকিং পাওয়ার প্ল্যান্ট, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও নতুন আদালত ভবন উদ্বোধন করেন। শিকলবাহায় এক জনসভায় প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর নির্মাণ, কর্ণফুলীতে ক্যাপিটাল ড্রেজিং ও এর তলদেশে টানেল নির্মাণ, দক্ষিণ চট্টগ্রামে স্টেডিয়াম নির্মাণসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের ব্যাপারে সরকার উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/১৯৫৫ঘ.