গাজীপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন ও বোনাসের দাবিতে গাজীপুর সদর উপজেলার জিরানী বাজার এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বুধবার সকালে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
এক পর্যায়ে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিরানী বাজারের আর কে হোম টেক্সটাইল লিমিটেডের একটি পোশাক তৈরি কারখানার ৫ শতাধিক শ্রমিককে সোমবার বেতন দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানায়।
নির্ধারিত দিনে শ্রমিকরা বেতন নিতে গেলে কারখানা কর্তৃপক্ষ বেতন না দিয়ে তালবাহানা করতে থাকেন।
মঙ্গলবারও বেতন না দেওয়ায় বুধবার সকালে শ্রমিকরা সকাল ৮টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে।
এসআই আজহারুল আরো জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের বেতন আদায় করে দেওয়ার প্রতিশ্র"তি দিলে তারা সকাল ৯টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়। এরপর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পরে শ্রমিকরা কারখানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দুপুর দেড়টার পর শ্রমিকদের বেতন দেওয়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. ইফতেখার বলেন, "শ্রমিকদের আগে বেতন দিলে তারা কাজ রেখে বাড়ি চলে যায়। তাই এতোদিন তাদের বেতন দেওয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬১৫ ঘ.
bdnews24