২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে চাঁদাবাজি করায় দুই পুলিশ বরখাস্ত

মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 05:53 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- হাবিলদার আব্দুল মজিদ ও কনস্টেবল মাজেদুল হক। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন। দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসে চাঁদাবাজি করার অভিযোগ ওঠায় মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, গাড়ি থামিয়ে চাঁদাবাজির কারণে শিমরাইল মোড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাতে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। এ অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার (ডিবি) ওসি মাঈনূর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পুলিশ সুপার আফজাল সাংবাদিকদের জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় হাবিলদার মজিদ ও কনস্টেবল মাজেদকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। এরপর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫১ ঘ.