২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে সড়ক নির্মাণের দরপত্রে অনিয়মের অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নয়টি সড়ক নির্মাণকাজের দরপত্রে কথিত অনিয়মের অভিযোগে তা বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় ঠিকাদারদের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নয়টি সড়ক নির্মাণকাজের দরপত্রে কথিত অনিয়মের অভিযোগে তা বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় ঠিকাদারদের একটি সংগঠন। এলজিইডি কর্মকর্তার যোগসাজশে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা প্রায় ৫ কোটি টাকার এ কাজ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে সন্দ্বীপ উপজেলা ঠিকাদার অ্যাসোসিয়েশন। সংগঠনটি মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে। সমিতির আহ্বায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন মিশন লিখিত বক্তব্যে দাবি করেন, সন্দ্বীপের নয়টি রাস্তার নির্মাণকাজের জন্য আহ্বান করা দরপত্রে অংশ নেওয়ার শেষ দিন ছিলো গত ৩০ অগাস্ট। কিন্তু কাউকে অংশ নেওয়ার সুযোগ না দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি রাজিবুল আহসান সুমন এবং সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে একটি চক্র পাঁচ কোটি টাকার এই কাজ হাতিয়ে নেন। প্রতিবাদ জানালেও এলজিইডি কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি বলে মাইন উদ্দিন অভিযোগ করেন। দরপত্র বাতিল না করা হলে সমিতির পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঠিকাদার রেজাউল করিম সাগর, ফোরকান উদ্দিন রিজভী ও কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩০০ঘ.