ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ সেপ্টেম্বর থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারী ১৩ তারিখ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিধি শাখার যুগ্ম-সচিব ফিরোজ মিয়া সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
ঈদের ছুটি একদিন এগিয়ে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে যুগ্ম-সচিব ফিরোজ মিয়া বলেন, "পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ঈদের ছুটি হবে। এগিয়ে নেওয়া বা পেছানোর কোনো নির্দেশনা এখনো পাইনি। ফলে এ বিষয়ে মন্ত্রণালয়েরও কোনো বাড়তি উদ্যোগ নেই।"
সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন এগিয়ে নেওয়া বা বাড়ানোর সিদ্ধান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/পিডি/১৮১১ ঘ.
bdnews24