২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে বিদ্যুৎ লাইন মেরামত, চিকিৎসা শুরু

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মিটফোর্ড হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়ার পর বেলা সোয়া ৩ টার দিকে তা আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 09:41 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মিটফোর্ড হাসপাতালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাওয়ার পর বেলা সোয়া ৩ টার দিকে তা আবার শুরু হয়েছে। হাসপাতালের বিদ্যুৎ মিস্ত্রী নয়ন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎ লাইন মেরামত করার পর সংযোগ দেওয়া হয় এবং চিকিৎসা সেবা আংশিক শুরু হয়। রোববার সকাল সোয়া ১২টার দিকে জরুরি বিভাগ সংলগ্ন বিদ্যুতের মূল সংযোগ স্থলে আগুন লাগলে মুহূর্তের মধ্যে পুরো হাসপাতাল বিদ্যুতবিহীন হয়ে পড়ে বলে হাসপাতালের চিকিৎসকরা জানান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরুরি বিভাগের কাছে একটি জায়গায় বিদ্যুতের বিভিন্ন সার্কিট রয়েছে। বেলা সোয়া ১২টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় জেনারেটর চালু না হয়ে বিকট শব্দের পর সার্কিটগুলোতে আগুন ধরে যায়। পুরান ঢাকার ওই হাসপাতালে আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ৬/৭জন রোগীসহ সবাই বেরিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। পুরো হাসপাতাল জুড়ে হৈচৈ পড়ে যায়। অবশ্য ৮/১০ মিনিট পরই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুৎ মিস্ত্রী নয়ন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এই আগুনে বিদ্যুতের মূল সংযোগ স্থলের বেশ কিছু তার পুড়ে গেছে। এটি ঠিক করতে অনেক সময় লাগবে।" হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মো. ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই অবস্থার কারণে সব ধরনের অস্ত্রোপচারসহ বিদ্যুৎ সংশ্লিষ্ট সব কাজ বন্ধ রয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/কেএমএস/১৫৩৯ ঘ.