২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে নাসিম হত্যা: ছয় ছাত্রলীগকর্মী চিহ্নিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগকর্মী আরেক ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ্ নাসিমকে মারধর করে দোতলা থেকে ফেলে দেয় বলে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2010, 04:50 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগকর্মী আরেক ছাত্রলীগকর্মী নাসরুল্লাহ্ নাসিমকে মারধর করে দোতলা থেকে ফেলে দেয় বলে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। এ ছয় ছাত্রলীগকর্মীর হলেন শাহ্ মখদুম হলের আবাসিক ছাত্র জহুরুল ইসলাম (লোক প্রশাসন, সেশন: ২০০৬-০৭), লুৎফর রহমান (প্রাণিবিদ্যা, সেশন: ২০০৩-০৪), জাহিদুল ইসলাম (সমাজকর্ম, সেশন: ২০০৪-০৫), তৌফিকুল ইসলাম (বাংলা, সেশন: ২০০৭-০৮), রুহুল আমিন (রাষ্ট্রবিজ্ঞান, সেশন: ২০০৬-০৭) এবং মশিউর রহমান (মনোবিজ্ঞান, সেশন: ২০০৪-০৫)। গত ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাবি ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের সমর্থকরা ইফতারের অতিরিক্ত টোকেন চাইলে সাধারণ সম্পাদকের সমর্থক নাসিম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা নাসিমকে মারধর করে শাহ্ মখদুম (এসএম) হলের দোতলা থেকে ফেলে দেয়। টানা আট দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ অগাস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৬ অগাস্ট হল প্রশাসন একই হলের আবাসিক শিক্ষক রুহুল আমিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি ৩১ আগস্ট হল প্রাধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রাধ্যক্ষ ওই প্রতিবেদন বৃহস্পতিবার উপাচার্যের কাছে পাঠান। তদন্ত কমিটির আহ্বায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক শ্রম দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মধ্য দিয়ে সঠিক ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে।" বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। হল প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র রায় চিকিৎসা নিতে দেশের বাইরে থাকায় শনিবার তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নাসিমের মৃত্যুর পর ২৪ অগাস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ রাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বহিস্কার করে। নাসিমকে দোতলা থেকে ফেলে দেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মতিহার থানায় ওই দিনই একটি মামলা হয়। জড়িত সন্দেহে পুলিশ রুহুল আমিন ও সাঈদকে আটক করে। বাকি আসামিরা পলাতক। গত ৭ অগাস্ট রাবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে এক কর্মী গুলিবিদ্ধসহ ১০ কর্মী আহত হয়। ওই ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ ওই দিনই রাবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে। পুলিশ সংগঠনের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আছেন। সভাপতি পলাতক। ফলে ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৯ ঘ.