ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদকে সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনের গাড়িচালক কামাল হোসেন ওরফে কালা গুলি করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার মাহবুবুর রহমান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালা গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জিজ্ঞাসাবাদে ইব্রাহীমকে নিজে হত্যার কথা স্বীকার করেছেন।"
কামালের কাছ থেকে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
সাংসদ শাওনের সনদঅলা পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট মারা যান ইব্রাহিম। তার মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যু মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন। এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
মাহবুবুর বলেন, "কালার বক্তব্য অনুযায়ী শাওনের গাড়িতে বসে শাওনেরই পিস্তলটি নিয়ে ইব্রাহীম নাড়াচাড়া করার সময় কালা বাধা দেন। এসময় ইব্রাহীম কালাকে বলেন, "এমপি শাওন কি শুধু তোমার লোক, আমারও লোক।'"
"এ নিয়ে দুইজনের মধ্যে বেশ সময় কথা কাটাকাটি হয় এবং অস্ত্রটি নিয়ে টানাহেঁচড়া হয়," জানিয়ে উপ-কমিশনার বলেন, "টানাহেঁচড়ার এক পর্যায়ে পিস্তল থেকে গুলির ম্যাগজিনটি পড়ে যায়। পরে কালা পিস্তলটি তার হাতে নিয়ে ইব্রাহিমকে মুখে ঠেকিয়ে ট্রিগার টিপ দিলে পিস্তলে আটকে থাকা একটি গুলি বের হয়ে ইব্রাহিমকে বিদ্ধ করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।"
"কালার এই বক্তব্য কতটুকু সত্য তা যাচাই বাছাই করা হচ্ছে," বলেন মাহবুবুর রহমান।
সাংসদ শাওনের ব্যাক্তিগত সচিব সোহেল আহমেদ এবং কালাকে গত ২৯ অগাস্ট গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
বর্তমানে তারা গোয়েন্দা কার্যালয়ে হেফাজতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২৪৪ ঘ.
bdnews24