২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর দুটি জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর দুটি জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ডবলমুরিং থানার পানওয়ালা পাড়া থেকে চারজন এবং পাঁচলাইশ থানার শুলকবহর থেকে দু'জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো মোহাম্মদ মোতালেব (২৫), রাকিব (২৪), মোহাম্মদ হাফিজ মিয়া (২৫), সাইফুল ইসলাম (২৫), অটোরিক্সাচালক নুরুল ইসলাম (৩০) ও ছিনতাইকারী মোহাম্মদ রফিক (২৮)। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাই শেষে টাকা ও মালামাল ভাগাভাগির সময় পশ্চিম সুপারিওয়ালা পাড়া থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, একটি দেশী কাটা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, দুটি চাপাতি, ছিনতাই করা সাতটি মোবাইল ফোনসেট, একটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয় পত্র এবং ওয়ান ব্যাংকের ২৬ হাজার টাকার একটি চেক উদ্ধার করা হয়। নগরীর শুলকবহর রাজা মিয়ার গ্যারেজ থেকে মঙ্গলবার গভীর রাতে একটি সিএনজি অটোরিক্সাসহ দু'জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল মাসুদ জানান, গত ৪ অগাস্ট নগরীর জিইসি মোড়ে এক ব্যবসায়ীর ছয় লাখ টাকা ছিনতাইয়ে জড়িত অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/পিডি/২১৩৪ ঘ.