ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে মিটার ছাড়া বাড়তি ভাড়া দাবির প্রতিবাদ করায় মঙ্গলবার এক সাংবাদিককে পিটিয়েছে ট্যাক্সিক্যাব চালক ও তার সহযোগীরা।
আহত দীপু সিকদার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির জ্যেষ্ঠ সাংবাদিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সদরদপ্তরে যাওয়ার জন্য আনসার ক্যাম্পের কাছে একটি কালো ট্যাক্সিক্যাবকে থামান তিনি। পুলিশ সদরদপ্তরে যাওয়ার জন্য চালক সাড়ে তিনশ' টাকা ভাড়া দাবি করলে তিনি এর প্রতিবাদ করেন।
এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে চালক গাড়ি থেকে নেমে লাঠি দিয়ে তাকে (দীপু শিকদার) আঘাত করে। এসময় চালকের কয়েকজন সহযোগী এগিয়ে এসে তাকে মারধর করতে থাকে।
এ অবস্থায় দীপু মোবাইল ফোনে পুলিশ এবং র্যাবের সাহায্য চান। এই ফাঁকে চালক গাড়ি ফেলে চম্পট দেয়।
পরে পুলিশ ট্যাক্সিক্যাবটি জব্দ করে মিরপুর মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ চালককে খুঁজছে বলে জানান মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/০০৫০ঘ.
bdnews24