২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিহাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন

তিস্তার পানি হ্রাস-বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে সোমবার রাতে লালমনিহাটের আদিতমারী উপজেলার চণ্ডিমারী গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 'স্পার-১' ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 06:32 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

লালমনিরহাট, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তিস্তার পানি হ্রাস-বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে সোমবার রাতে লালমনিহাটের আদিতমারী উপজেলার চণ্ডিমারী গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 'স্পার-১' ধসে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার তিস্তা নদীর উপকূলীয় কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। কয়েকশ' পরিবার ওই এলাকা থেকে তাদের শেষ সম্বল নিয়ে নিরাপদ স্থানে সরে গেছে। পানি উন্নয়ন বোর্ডও (পাউবো) এলকার লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করছে। দুুপুরে বাঁধের ধসে যাওয়া অংশ পরিদর্শন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এবং লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন এবং আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ হাসান। পানি উন্নয়ন বোর্ড জানায়, ২০০৩-০৪ অর্থবছরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্পার-১ নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে এর মাঝের অংশের সিসি ব্লক ও জিও কাপড় নষ্ট হয়ে যাওয়ায় এবং তিস্তার প্রবল স্রোতে সোমবার রাতে হঠাৎ একাংশ ধসে যায়। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়েও সম্ভব হয়নি। পরে পাউবোর প্রকৌশলীরা ৫ হাজার বালুর বস্তা ও ৫ হাজার জিও ব্যাগ দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা চালায়। কিন্তু তাদের এ চেষ্টাও সফল হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকার রুস্তম, হেলালসহ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাউবো কর্মকর্তাদের অবহেলা ও নিুমানের ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ হাসান বলেন, পাউবো কর্তৃপক্ষের তদারকীর অভাব, ঠিকাদারদের অবহেলা ও নিুমানের সামগ্রী ব্যবহার করে বাঁধটি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন বিকল্প ব্যবস্থা করে মূল বাঁধটি রক্ষা করতে হবে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁধ দুটিতে নিুমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। তিস্তার প্রবল স্রোতের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.