২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে চট্টগ্রামে মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে চট্টগ্রামে মঙ্গলবার থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির প্রথম দিন সকাল সাতটা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করেন। দুপুরে চাঁদপুরের যাত্রী মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টিকেট পেয়েছেন তিনি। চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক সামশুল আলম জানান, প্রথম দিন ৫ সেপ্টেম্বরের আগাম টিকেট বিক্রি করা হয়। বুধবার বিক্রি হবে ৬ সেপ্টেম্বরের টিকেট। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি চলবে। তিনি জানান, কালোবাজারি ঠেকাতে স্টেশনে ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা বসানো হয়েছে। সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া টিকেট বিক্রির সময় স্টেশনে র‌্যাব, পুলিশ এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তা দলের অস্থায়ী ক্যাম্প থাকবে। বিকাল চারটায় স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ জানান, প্রথমদিনের বরাদ্দ সব টিকেট বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, চট্টগ্রাম থেকে চলাচলকারী ৭ টি আন্তঃনগর ট্রেনের মধ্যে সুবর্ণ এক্সপ্রেসের ৭১৮টি, মহানগর প্রভাতীর ৫০৩টি, তূর্ণা নিশীথার ৬৬২টি, মহানগর গোধূলীর ৭১৭টি, পাহাড়িকা এক্সপ্রেসের ৫৯২টি, উদয়ন এক্সপ্রেসের ৫৯৫টি ও মেঘনা এক্সপ্রেসের ৮০০টি টিকেট বিক্রির জন্য বরাদ্দ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এএনএস/এইচএ/২৩২০ঘ.