বরিশাল, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় বরিশাল নগরীর এক ব্যবসায়ীর ৪৯ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা হয়েছে।
জরিমানার টাকা অনাদায়ে তাকে ছয়বছর কারাভোগ করতে হবে।
বরিশালের বিভাগীয় বিশেষ জজ কেএম জুলফিকার আলী মঙ্গলবার এ রায় দেন।
এ সময় দণ্ডিত তাজুল ইসলাম মিন্টু মিয়া আদালতে উপস্থিত ছিলেন। মিন্টু মিয়া নগরীর পুলিশ লাইনস রোডের বাসিন্দা।
তবে মিন্টু মিয়া গুরুতর অসুস্থ থাকায় তার আইনজীবী আরিফুর রহমান দুই মাসের মধ্যে জরিমানার পুরো টাকা পরিশোধের অঙ্গীকার করে তাকে ছাড়িয়ে নেন।
মামলার নথি থেকে জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবসায়ী তাজুল ইসলাম মিন্টু মিয়ার সম্পদের হিসাব জমা দিতে বলে।
মিন্টু মিয়া অর্জিত সম্পদের তথ্য গোপন করে দুদকে সম্পদ বিবরণী জমা দেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তা ধরা পড়ে।
এ ছাড়া ২৯ লাখ ৮৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনেরও তথ্য পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধান শেষে ২০০৮ সালের ২৭ অগাস্ট দুদক সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম মোহন নাথ মিন্টু মিয়ার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
২০০৯ সালের ১৩ জানুয়ারি বরিশালের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
এরপর মামলাটি বিচারের জন্য বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠানো হয়। সেখানে ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
এদিকে দণ্ডিত মিন্টু মিয়া অসুস্থ থাকায় তার আইনজীবী মানবিক কারণে অর্থদণ্ড পরিশোধের জন্য আদালতের কাছে দুই মাস সময় প্রার্থনা করেন।
আদালত আবেদন মঞ্জুর করেন এবং এই সময়ের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে তার (দণ্ডিত) স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24