২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়ির চরে ভূমি পুনরুদ্ধারের উদ্যোগ

নোয়াখালীর উড়ির চরে ক্রস ড্যাম নির্মাণ করে প্রায় ৬০০ কিলোমিটার ভূমি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর উড়ির চরে ক্রস ড্যাম নির্মাণ করে প্রায় ৬০০ কিলোমিটার ভূমি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৩৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি বছরই এ প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। আগামী ২০১২ সালের জুনে প্রকল্পটি শেষ হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাস্টি বোর্ডের এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। ট্রাস্টি বোর্ডের সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ক তহবিলের (ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড) অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া সভায় আরো তিনটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন সরকারি সংস্থা এসব প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পগুলো হচ্ছে- ২২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম শহরে একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা, ২৫ কোটি টাকা ব্যয়ে ডিজিটাল ম্যাপিং ফর ফরেস্ট প্রকল্প এবং দুই কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কুমিরা ফেরিঘাট ভাঙ্গন রোধ প্রকল্প। প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকির কারণে ২০৫০ সাল নাগাদ দেশের একটি বড় অংশ সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। তিনি বলেন, "আমাদের দেশের নদীগুলো অনেক বেশি পলি বহন করে। লাখ লাখ মেট্রিক টন পলি এসব নদী দিয়ে সমুদ্রে পড়ে। এ বিষয়টি কাজে লাগিয়ে আমাদের ভূমি পুনরুদ্ধারের বিশাল সম্ভাবনা রয়েছে। হাছান মাহমুদ বলেন, "বাংলাদেশে বনের কোন ডিজিটাল ম্যাপিং নেই। এটা করতে পারলে মন্ত্রণালয়ে বসেই বনের খুব ছোট ছোট অংশও পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে বনে কেউ গাছ কাটলেও মন্ত্রণালয়ে বসে দেখা যাবে। বেসরকারি সংস্থার (এনজিও) ১২টি প্রকল্প ট্রাস্টি বোর্ডে উপস্থাপন করা হয় বলে জানান প্রতিমন্ত্রী। তবে সময়ের অভাবে এসবের পর্যালোচনা সম্ভব হয়নি। আগামী সভায় এগুলো ফের উপস্থাপন করা হবে। ২০০৯-১০ অর্থবছরে ৭০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। চলতি অর্থবছরে এ তহবিলে আরো ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/কেএমএস/১৫৪৫ ঘ.