ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা আব্বাসকে ফারুক হত্যা মামলায় দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এবিএম খায়রুল হক সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
তবে অপর দুটি মামলায় মির্জা আব্বাসকে দেওয়া জামিন আদেশ স্থগিত করেনি আদালত।
ফারুক হত্যা মামলায় মির্জা আব্বাসকে গত ২৪ অগাস্ট চার মাসের জামিন দিয়েছিলো হাইকোর্ট।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা অপর দুটি মামলায়ও হাইকোর্ট তাকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলো।
গত ২৭ জুন বিএনপির হরতালে ফারুক হত্যার ঘটনা এবং মতিঝিল ও পল্টনে হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ২৯ জুন তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।
শুনানিতে সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩০৪ ঘ.
bdnews24