কুড়িগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক মেট্রিক টন ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল সার বিক্রির দায়ে দুটি দোকানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
আদালতকে সহায়তা করে র্যাব ও পুলিশ।
অভিযানে অংশ নেওয়া পুলিশ জানায়, ভুরুঙ্গামারী বাজারের সাহা ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে এক মেট্রিক টন ভেজাল জিঙ্ক সার আটক করে আদালত।
এই সার এসিআই কোম্পানির নামে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিলো।
পরে আদালত ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ও সার জব্দ করে।
অভিযানের মুখে অপর দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে গেলে দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া নাগেশ্বরী বাজারে অভিযান চালিয়ে স্বপন ট্রেডার্স নামের একটি দোকানে ভেজাল জিঙ্ক সার বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট আশরাফুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরো রমজানে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৩ ঘ.
bdnews24