২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারতের সঙ্গে চুক্তি

খুলনায় ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সোমবার নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্মারক সই করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

নয়া দিল্লি প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সোমবার নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্মারক সই করেছে। সেইসঙ্গে চট্টগ্রামে একই ক্ষমতার আরো একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হলো। (বিস্তারিত) ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারই এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য। এনটিপিসির এক বিবৃতিতে বলা হয়, এর ফলে ভারতের সরকারি খাতের কোম্পানির সঙ্গে বিপিডিবি'র যৌথ উদ্যোগে বাংলাদেশে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথ প্রশস্ত হলো। এতে আরো বলা হয়, "বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদের প্রশিক্ষণও দেবে এনটিপিসি। সেইসঙ্গে বিপিডিবি'র মানব সম্পদ উন্নয়ন ও বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে এনটিপিসি সহায়তা করবে।" বিপিডিবি'র প্রধান প্রকৌশলী (উৎপাদন) মো. আবুল কাশেম ও এনটিপিসি'র কনসালটেন্সি উইংয়ের মহাব্যবস্থাপক এ কে শর্মা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। সমঅংশীদারিত্বের ভিত্তিতে এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হবে। আমদানি করা কয়লা দিয়ে এ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন হবে। এর পরিচালনায় থাকবে এনটিপিসি। নয়া দিল্লিতে সরকারি সূত্র জানায়, খুলনা এবং চট্টগ্রামে প্রস্তাবিত কয়লা ভিত্তিক দুটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিপিডিবির সঙ্গে যৌথ উদ্যোগে একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায় এনটিপিসি সমঝোতা স্মারক সই করলেও ভবিষ্যতে রাষ্ট্র পরিচালিত এই দুই প্রতিষ্ঠান অন্য প্রকল্পের ব্যাপারেও যৌথ সহযোগিতার বিষয়টি বিবেচনা করতে পারে। ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব পি উমাশংকর বলেন, এই সমঝোতা স্মারক দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করবে। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উমাশংকর উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক এ করিম, এনটিপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আরএস শর্মা, বিপিডিবির প্রধান এএসএম আলমগীর কবীর। এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য বাংলাদেশ ও ভারত একটি সমঝোতা স্মারকে সই করে। ভারত প্রাথমিক পর্যায়ে তার কেন্দ্রীয় গ্রিড থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিতে রাজি হয়। দুই দেশ এখন আন্তঃগ্রিড সংযোগ স্থাপন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল), বিপিডিবি এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর যৌথ কারিগরি টিমের হিসাব অনুযায়ী, আন্তঃগ্রিড সংযোগ স্থাপনে প্রায় ১,২৮৬ কোটি টাকা (প্রায় ৮৬৯ কোটি রুপি) প্রয়োজন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২৪০ ঘ.