ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চার উপসচিব এবং মাঠ প্রশাসনের নয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন পদে রদবদল করা হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ইয়াসমিন সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ে, আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মাঈন উদ্দিনকে শিল্প মন্ত্রণালয়ে এবং সড়ক ও রেলপথ বিভাগের উপসচিব তাজুল ইসলাম চৌধুরীকে আইন ও বিচার বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব হিসেবে কর্মরত উপসচিব মো. কামরুজ্জামানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রাজশাহী'র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাব্বির সুলতানকে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) নূর এলাহী মিনা এবং মনিটরিং দপ্তরের সহকারী বার্তা নিয়ন্ত্রক মহসীন মিয়াকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়।
ইউএনওদের মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মুকুলকে কিশোরগঞ্জের কুলিয়ারচর, নেত্রকোনার মদনের এসএম আব্দুল কাদেরকে মৌলভীবাজারের বড়লেখা, মৌলভীবাজারের কুলাউড়ার হাফিজুর রহমান চৌধুরীকে সুনামগঞ্জের জামালগঞ্জ, নওগাঁর রানীনগরের জহিরুল ইসলাম খানকে মৌলভীবাজারের কুলাউড়া, পাবনার ফরিদপুরের অতীন কুমার কুণ্ডুকে নওগাঁর রানীনগর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবু তাহের মো. মাসুদ রানাকে পাবনার ফরিদপুরের ইউএনও পদে বদলি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ইয়ামিন খানকে নেত্রকোনার মদন ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এজেডএম শারজিল হাসানকে একই জেলার শিবগঞ্জের ইউএনও নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/১৭৩৫ ঘ.
bdnews24