২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় রোববার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

সাভার, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় রোববার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। সকালে আশুলিয়ার জিরানী এলাকার 'লিবার্টি ফ্যাশনস লিমিটেড' এর শ্রমিকরা এক মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।" এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে সকাল ৯টার দিকে তারা অবরোধ তুলে নেয়। শ্রমিকরা কারখানায় ফিরে আবারো বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দেয়। ওসি জানান, কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বেলা ১১টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেয়। তবে বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে শ্রমিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেবি/আরএ/১৫৫৭ ঘ.