২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অভিযোগের প্রমাণ চাইলেন হানিফ

বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা দিয়ে হয়রানি' করা হচ্ছে বলে খালেদা জিয়ার অভিযোগের প্রমাণ দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা দিয়ে হয়রানি' করা হচ্ছে বলে খালেদা জিয়ার অভিযোগের প্রমাণ দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, "খালেদা জিয়া বলেছেন, তার দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ অভিযোগ প্রমাণের জন্য কতজন নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তা পরিস্কারভাবে আমাদের জানাতে হবে। "কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে ধানমণ্ডি থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, "বিরোধী দলের পক্ষ থেকে মিথ্যা মামলা সম্পর্কে না জানিয়ে আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হলে জনগণ তা মেনে নেবে না।" বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে হানিফ বলেন, "আপনি (খালেদা জিয়া) এর আগে এক সভায় বলেছেন, এ সরকার ব্যর্থ সরকার। সরকার কোন কোন খাতে ব্যর্থ তা আপনাকে বলতে হবে। আমরা সেই ব্যর্থতা জানতে চাই, জানলে ব্যর্থতা কাটিয়ে উঠার চেষ্টা করবো।" আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মুদাচ্ছির আলী, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ কামাল বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএনএস/এইচএ/২২০০ ঘ.