বরিশাল, ২৭ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে সড়ক দুর্ঘটনায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের এক কর্মকর্তা মারা গেছেন।
আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কবির মল্লিক (৪৫) ডব্লিউএফপি বরিশাল আঞ্চলিক কার্যালয়ে পরামর্শক (কনসালট্যান্ট) পদে কর্মরত ছিলেন।
ওই কার্যালয়ের লজিস্টিক কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবির মল্লিকের বাড়ি ময়মনসিংহের গোহাইলকান্দি এলাকায়।
তার পরিবার থাকে রাজধানীর মোহাম্মদপুরে।
গৌরনদীর স্থানীয় সাংবাদিকরা জানান, মাওয়াঘাট থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ৭৪-০০৯৪) যাত্রী নিয়ে বরিশাল আসার পথে আশোকাঠী মোড় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বিপরীত দিক থেকে আসা সুবর্ণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে এর পিছনের অংশ চুরমার হয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, বাসের ধাক্কায় মাইক্রোবাসের ছয় যাত্রী আহত হয়েছে।
এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
আহতরা হলেন- মনির হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৪৫), মিলি বেগম (৩৫), সাহেদ (১২) ও লিজা (১০)।
এদের মধ্যে মনির ও মিলি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহত কবির মল্লিকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.
bdnews24