সুনামগঞ্জ, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বরের বাবার দায়ের কোপে কনের বাবার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন বরের বাবা।
শুক্রবার বিকালে উপজেলার মধ্যনগর থানার রূপনগর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল (৫০) মধ্যনগর থানার মহেষখলা গ্রামের বাসিন্দা।
আহত মন্নাছ মিয়াকে নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধ্যনগর থানার ওসি গোলাম মওলা জানান, মহেষখলা গ্রামের আব্দুল জলিলের মেয়ের সঙ্গে তিন বছর আগে একই গ্রামের মন্নাছ মিয়ার ছেলের বিয়ে হয়। এরপর থেকেই ছেলেপক্ষ মেয়েপক্ষের কাছে যৌতুক দাবি করে আসছে।
বিকাল সাড়ে ৪টার দিকে এই নিয়ে আব্দুল জলিল ও মন্নাছ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু'জন নিজেদের হাতে থাকা দা নিয়ে একে অপরকে আক্রমণ করেন।
গুরুতর আহত দু'জনকে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল জলিল মারা যান।
মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১১ ঘ.
bdnews24