২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ভারতীয়সহ আটক ৬

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে শুক্রবার ভোররাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

সাতক্ষীরা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত দিয়ে শুক্রবার ভোররাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বিডিআর। আটক ভারতীয় নাগরিক হলেন উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার দরকান্দা গ্রামের বাপ্পি সরদার (১৯)। তার পিতার নাম মনিরুল ইসলাম সরদার। বাকি পাঁচজনই বাংলাদেশি। এরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বজ্রবক্স গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৭), একই উপজেলার বলিয়ানপুর গ্রামের বাবর আলীর ছেলে মোতাহার আলী (২৮) ও তার স্ত্রী নাজমা বেগম (২২), যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের আব্দুর রবের ছেলে হুসাইন শেখ (২৮) ও ঝিনাইদহ জেলার মহেশপুরের মাথুরা গ্রামের আব্দুল বারেকের ছেলে হাবিবুর রহমান (৩৫)। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, আটক ৫ বাংলাদেশি চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিল। শুক্রবার দেশে ফেরার সময় সীমান্তের মেইন পিলার ১৩ এর রেফারেন্স পিলার ১০ এর কাছ থেকে কলারোয়ার মাদরা বিওপির বিডিআর সদস্যরা তাদেরকে আটক করে। তিনি জানান, এসময় একই স্থান থেকে বাপ্পি সরদারকেও আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১০ ঘ.