২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ১২ ব্যবসায়ীকে জরিমানা

নাটোরের রেলওয়ে বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১২ দোকান মালিককে ১৬ হাজার দুশ' টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

নাটোর, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের রেলওয়ে বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ১২ দোকান মালিককে ১৬ হাজার দুশ' টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান হাবিব ও রেজাউল করিম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতকে সহায়তা করে র‌্যাব-৫ এর একটি দল। ম্যাজিস্ট্রেট হাসান হাবিব সাংবাদিকদের জানান, অভিযানে কাঠের দাঁড়িপাল্লা ব্যবহার করার অপরাধে কাঁচামালের দোকান মালিক সাইদুর রহমানকে দুশ' টাকা, মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ট্রেডার্স মালিক আব্দুর রাজ্জাককে দুই হাজার, মিতালী স্টোরের মালিক ভালু লালকে তিন হাজার, রনি কনফেকশনারির মালিক রনিকে দুই হাজার, ভাই ভাই ট্রেডার্স মালিক লিটনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের অপরাধে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার মালিক পরিমল ঘোষকে দুই হাজার এবং মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে সততা স্টোর মালিক কালীপদ সাহাকে এক হাজার পাঁচশ' টাকা জরিমানা করা হয়। এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে ইউনুস ভ্যারাইটিজ স্টোরের মালিক ইউনুস মিয়াকে এক হাজার টাকা, রানা স্টোরের মালিক রানা মিয়াকে পাঁচশ', শাহ স্টোরের মালিক আবিল হোসেনকে পাঁচশ' টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পঁচা ও বাসি খাবার বিক্রির অপরাধে শাকিল হোটেলের মালিক শাকিল আহমেদকে পাঁচশ' টাকা এবং মৌবন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক গৌরন্দ দেবনাথকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে ম্যাজিস্ট্রেট জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩২ ঘ.