ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় এক জুতা ব্যবসায়ী বিষ পান করে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে মো. আলমগীর হোসেন নামে ওই জুতা ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীর হোসেনের বড় ভাই এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাওনাদার সেলিম ও মাসুদ পাওনা টাকা আদায়ে কয়েক দিন ধরে আলমগীরকে হুমকী দিয়ে আসছিল। এ থেকে মুক্তি পেতে আলমগীর বিষ পান করে।"
বংশাল থানার উপ-পরিদর্শক মো. রুবেল জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পাওনাদারের চাপে আলমগীর আত্মহত্যা করেছে বলে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০০৪ ঘ.
bdnews24