কুড়িগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর তীররক্ষা বাঁধ ভেঙ্গে চারটি গ্রামে পানি ঢুকেছে।
তলিয়ে গেছে শত শত একর জমির রোপা আমন ক্ষেত।
এছাড়া মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ধরলার ভাঙ্গনে উপজেলার তিনটি ইউনিয়নে গৃহহীন হয়েছে অন্তত ৭০টি পরিবার।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জাফর আলী সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে কদমতলা ও সিতাইঝাড় এলাকার মাঝামাঝি স্থানে ধরলার তীররক্ষা বাঁধের পাঁচশত মিটার অংশ ধসে যায়।
বুধবার রাতে এই ধসে যাওয়া স্থানের তিন মিটারের মতো অংশ পুরোপুরি ভেঙ্গে যায়।
এতে প্লাবিত হয়েছে- দক্ষিণ নওয়াবশ, কদমতলা, গোবিন্দপুর ও চরসিতাইঝাড় গ্রাম।
জাফর আলী জানান, বাঁধের যে টুকু অংশ টিকে আছে স্রোতে যে কোনো সময় তা ভেঙ্গে যেতে পারে।
এতে ভেলুরহাট থেকে পাঁছগাছি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা ভেঙ্গে বেগমগঞ্জের কোটি টাকা মূল্যের রেগুলেটরটি হুমকির মুখে পড়বে।
এছাড়া পাঁচগাছি ইউনিয়নের নওয়াবশ, কদমতলা ও চর সিতাইঝাড়ের চার কিলোমিটার এলাকা জুড়ে ধরলার ভাঙ্গন শুরু হয়েছে।
এতে প্রায় শতাধিক ঘড়বাড়ি ভাঙ্গনের শিকার হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের লোকজন এলাকায় আসেনি।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গন কবলিত এলাকার লোকজন দিশেহারা। ভূমিহীন পরিববারগুলো ঘরবাড়ি সরিয়ে কোথায় আশ্রয় নেবে বুঝে উঠতে পারছে না। অনেকে রাস্তার দুই পাশে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। অনেকে চলে যাচ্ছে অন্যত্র।
কদমতলা ও সিতাইঝাড়ের মাঝামাঝি পানি উন্নয়ন বোর্ডের নদীর তীররক্ষা বাঁধে ভাঙ্গন শুরু হওয়ায় স্থানীয়রা আতঙ্কে আছে।
স্থানীয় বাসিন্দা বছদ্দি মিয়া (৬৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঁধ ভাঙ্গলে হামার মরণ দশা হবে। আবাদ শ্যাষ হইবে। জমি নদীতে যাইবে। বাঁচমো কেমন করি।"
মো. ধনিয়া বেপারী (৮০) বলেন, দফায় দফায় ভাঙ্গনে তাদের অবস্থা শোচনীয়। পানি বাড়লে এবং কমতে থাকলে ভাঙ্গন শুরু হয়।
পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় ৭০টি পরিবার গৃহহীন হয়েছে।
তিনি দাবি করেন, গত দু'বছরের ভাঙনে এ এলাকার দুটি মৌজা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে আর গৃহহীন হয়েছে ৫ শতাধিক পরিবার। অথচ ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।
পাউবো'র নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বলেন, সরকারি বরাদ্দ না পাওয়ায় ভাঙ্গন রোধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বলেও বাঁধটি রক্ষা করা গেলো না। তবে নদী ভাঙ্গনের শিকার প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
যমুনা তীররক্ষা বাঁধের স্পারে ধস
বগুড়ার সারিয়কান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীর তীররক্ষা বাঁধের ৬টি স্পারই হুমকির মুখে রয়েছে।
মঙ্গলবার রাতে সারিয়াকান্দির কামালপুরে ২ নম্বর স্পারটির প্রায় ৬০ মিটার ধসে যায়। স্পারটির আর মাত্র ৫০ মিটার টিকে আছে। যে কোনো সময় স্পারটির বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দিন জানান, ২০০২ সালে সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর তীর রক্ষায় ৬টি স্পার নির্মাণ করা হয়েছিলো।
তিনি জানান, এর আগে কামালপুর স্পারে দুই দফা ভাঙ্গন হয়। মঙ্গলবার রাতে আবারো ধস নামে। বালির বস্তা ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় জানান, কামালপুর স্পারে ধসের কারণে ওই এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24