ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর জন্য সর্বোচ্চ পাঁচ লাখ এবং সদস্যের জন্য এক লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ প্রকাশ করেছে কমিশন।
এতে বলা হয়, ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং ব্যক্তিগত খরচ করতে পারবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা। সদস্য প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় এক লাখ টাকা এবং ব্যক্তিগত খরচ ১০ হাজার টাকা।
ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে শুধু চেয়ারম্যান প্রার্থীদের এ ব্যয় বিবরণী জমা দিতে হবে। নির্ধারিত সময়ে তা জমা না দিলে বিধি লঙ্ঘনের দায়ে দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "অতীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ও ব্যক্তিগত ব্যয় নির্ধারিত ছিল না। এতে কালো টাকার ছড়াছড়ি হতো। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো ব্যয় নির্ধারণ করা হলো।"
তিনি জানান, জাতীয় নির্বাচনের বিধিমালার সঙ্গে মিল রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী অথবা এজেন্টের মাধ্যমে নির্ধারিত ফরমে ব্যয় বিবরণী জমা দিতে হবে। নির্বাচনী ব্যয় দেখানোর জন্য ব্যাংক হিসাব খুলতে হবে।
জাতীয় নির্বাচনের মতো প্রার্থীদের হলফনামা দেওয়ার বিধান না থাকলেও প্রার্থীদের আয়ের উৎস এবং কাদের পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে নির্দেশনা রয়েছে এ বিধিমালায়।
চেয়ারম্যান প্রার্থীরা পুরো ইউনিয়নে একটি এবং সদস্য প্রার্থীরা নিজ ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। ক্যাম্পে কোনো টিভি, ভিসিআর বা ভিসিডি চালানো যাবে না।
সাদাকালো পোস্টার গ্রামের দেওয়াল-বেড়ায় সাঁটানো নিষিদ্ধ করা হয়েছে। কোনো ধরনের জনসভা বা শোভাযাত্রা বের করা যাবে না। শুধু পথসভা করতে পারবেন প্রার্থীরা। তবে কোনো মঞ্চ তৈরি করা যাবে না।
এ আচরণবিধি লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ বর্তমান সংসদে পাস হলেও সীমানা নিয়ে জটিলতায় নির্বাচন আটকে আছে।
সাখাওয়াত হোসেন জানান, সংশোধিত আইন জারি হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্রুত অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হবে। সব প্রস্তুতি শেষ করতে তিন মাস সময় লাগবে। আগামী সংসদ অধিবেশনে অক্টোবরের মধ্যে আইন সংশোধন হলে ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচন হতে পারে।
দেশের ৪,৫০৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে সর্বশেষ ২০০৩ সালে ৪,২২৮টিতে নির্বাচন হয়।
বর্তমানে বেশিরভাগ ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/১৯৫৭ঘ.
bdnews24