২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের অপরাধে তিন কারখানাকে জরিমানা

বায়ু ও পানিদূষণের অপরাধে চট্টগ্রাম মহানগরীতে তিন কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 01:36 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু ও পানিদূষণের অপরাধে চট্টগ্রাম মহানগরীতে তিন কারখানাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা করেন। প্রতিষ্ঠান তিনটি হলো- নগরীর নাসিরাবাদ ও বায়েজিদ এলাকায় অবস্থিত কনকর্ড রেডিমিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেড, ফিস প্রসেসিং লিমিটেড এবং এক্সপোর্ট প্যাক লিমিটেড। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে এ তিনটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে সংশ্লিষ্ট এলাকার বায়ু ও পানিদূষণ হচ্ছিল। তিনি আরো জানান, ফিস প্রসেসিং ও এক্সপোর্ট প্যাক প্রতিষ্ঠান দুটিকে এর আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বর্জ্য নিরসনের জন্য প্ল্যান্ট স্থাপনের জন্য নোটিশ দেয়া হলেও তা মানা হয়নি। একইসঙ্গে তাদের বর্জ্য পরিশোধন প্ল্যান্ট ও বায়ুদূষণ নিরোধক যন্ত্রপাতি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়। এছাড়া নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অবৈধভাবে পরিচালিত আক্তার ব্রিকস নামে একটি ইটভাটাকে আগামী সাতদিনের মধ্যে সরিয়ে নিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নোটিশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ করা না হলে তা উচ্ছেদ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৩৩ ঘ.