ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের জন্য সাড়ে ১৮ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
১৪ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি ধরে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি, চলতি অর্থবছরে বাংলাদেশ থেকে ১৮ বিলিয়ন ৫০০ মিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি হবে, যা আগের বছরের রপ্তানি আয় থেকে ১৪ দশমিক ২০ শতাংশ বেশি।
"২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ১৬ বিলিয়ন ২০৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধির হার ছিলো ৪ দশমিক ১১ শতাংশ।"
১৪ শতাংশের বেশি রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে ফারুক খান বলেন, "বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কেটে যাওয়ায় উন্নত দেশগুলোতে আমাদের রপ্তানি বাড়বে। গত অর্থবছরের শেষ চার মাসে রপ্তানি প্রবৃদ্ধি ভালো হয়েছে। আমরা আশা করছি, এ ধারা অব্যাহত থাকবে।"
বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট কমায় উৎপাদন বাড়বে- এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, "চলতি অর্থবছরে বিদ্যুৎ সমস্যার অনেকটা এবং গ্যাস সঙ্কটের কিছুটা সমাধান হওয়ায় উৎপাদন বাড়বে। এছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় পোশাক শিল্পে অস্থিরতা কমবে এবং এর ফলে রপ্তানি বাড়বে।"
এ সময় তিনি জানান, গত অর্থবছরে প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশ পণ্য রপ্তানিতে বেশি প্রবৃদ্ধি অর্জন করে।
খাতভিত্তিক রপ্তানির লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধির পরিমাণ: নিটওয়্যার ৭১৩১.৬২ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১০%), ওভেন গার্মেন্টস ৬৬১৪.৭৭ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১০%), জুট ও জুট গুডস ১১১৫.৩৮ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৪১.৫৫%), হোম টেক্সটাইল ৫৬৩.৫ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৪০%), হিমায়িত খাদ্য ৪৫০ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১%)।
চামড়া ২৯৪ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৩০%), চামড়াজাত পণ্য ৩৪.৮৭ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ২০%), কৃষি প্রক্রিয়াজাত পণ্য ২৬৬ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৯.৮০%), কেমিক্যাল প্রডাক্টস ১১১.১৫ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৮%), বাইসাইকেল ১৫৫.২০ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ৪০%), ফুট ওয়্যার ২৩৫ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১৫%), সিরামিক পণ্য ৩৩.৮৬ মিলিয়ন ডলার (প্রবৃদ্ধি ১০%) এবং জাহাজ ৩৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রবৃদ্ধি ২৮৫%)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/কেএমএস/১৬৫০ ঘ.
bdnews24