২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে স্টিল মিলে বিষ্ফোরণ, অগ্নিদগ্ধ ৮

রাজধানীর কদমতলী এলাকায় একটি স্টিল মিলে দুর্ঘটনায় ৮ জন অগ্নিদগ্ধ হয়েছে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী এলাকায় একটি স্টিল মিলে দুর্ঘটনায় ৮ জন অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসান স্টিল মিলে লোহা গলানোর চুল্লীতে হঠাৎ বিম্ফোরণে আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়। অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধ শ্রমিক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বিদ্যুতের মিটার দেখার জন্য বিদ্যুৎ অফিস থেকে লোকজন আসেন। এ সময় লোহা গলানোর চুল্লীতে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে স্থানীয় বিদ্যুত অফিসের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান (৪০), ভারতীয় প্রকৌশলী মদন বাবু (৪৫), শ্রমিক অহিদুল ইসলাম (২৪), ফরহাদ (৩০), মো. ফরহাদ (২৮), মো. রিপন (৩৫), মো. আব্দুল রব (৩০), রাজু (২৭) অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে আতাউর রহমান, মদন বাবু ও অহিদুল ইসলামের অবস্থা গুরুতর। অগ্নিদগ্ধ শ্রমিক রাজু জানান, চুল্লীতে প্রায়ই এ ধরনের বিষ্ফোরণ ঘটে। এটি একটি স্বাভাবিক ব্যাপার। তবে সকালের বিস্ফোরণ বড় ধরনের হওয়ায় এ ক্ষতি হয়। এ ব্যাপারে হাসান স্টিল মিলের মালিক হাজী মইনুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কদমতলী থানার উপ-সহকারী পরিদর্শক মাসুদ খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান স্টিল মিলে একটি দুর্ঘটনার খবর পাওয়ার পর খোঁজ নেয়ার জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৩৪৫ ঘ.