সাতক্ষীরা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনে বাঘের আক্রমণে এক গৃহবধূ নিহত হয়েছে।
নিহত আনোয়ারা বেগম (৪০) উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের কওসার গাজীর স্ত্রী।
আনোয়ারার স্বজনরা জানায়, সোমবার দুপুরে বনের ভেতর কেওড়া সংগ্রহে যায় আনোয়ারা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ির কর্মকর্তা শেখ আবুল কালাম জানান, বনের ধানঘোরা খালের ফুলখালি এলাকায় সে বাঘের আক্রমণের শিকার হয়। এ সময় তার চিৎকারে আশপাশের জেলেরা ছুটে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি।
সন্ধ্যায় গ্রামবাসীর সহায়তায় বনবিভাগের কর্মীরা ফুলখালি এলাকা থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
আবুল কালাম জানান, বন বিভাগের অনুমতি ছাড়াই আনোয়ারা কেওড়া সংগ্রহে বনে গিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৫১৯ ঘ.
bdnews24