ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে সোমবার দুই দল ব্যবসায়ীর সংঘর্ষ হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।
এ সময় সন্ত্রাসীরা নগদ অর্থ ও মাছসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে বলে ব্যবসায়ীদের একটি পক্ষ অভিযোগ করেছে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
হাতিরপুল বাজারের মাছ ব্যবসায়ী ফারুক হোসেন জানান, ইফতারের পর নীরব নামে এক সবজী ব্যবসায়ীর সঙ্গে লিটন নামে অপর এক ব্যবসায়ীর প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এর জের ধরে লিটন বহিরাগত কয়েকজন সন্ত্রাসী নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা নগদ অর্থ ও মাছসহ মোট প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ করেন তিনি।
ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/
bdnews24